সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃত ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং ১ জন রংপুর বিভাগের বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনেই দেশে ২২ হাজার ৫৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এ সময়ে মৃত্যু হয়েছে ৭৯ জনের, যা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় সর্বোচ্চ।
বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে এবং মোট মৃত্যু হয়েছে ১৭৬ জনের। আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে বিশেষ ডেঙ্গু কর্নার ও ফ্লুইড ম্যানেজমেন্ট জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
