অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের প্রক্রিয়ায় বৈশ্বিক কারিগরি সহায়তা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সম্মেলনে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে মন্ত্রী বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি লোডিংসহ সার্বিক প্রস্তুতি আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা নীতিমালার সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করা হচ্ছে। ভিয়েনায় আইএইএর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে গ্রিড অবকাঠামো দ্রুত সংহত করার কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সম্মেলনের ফাঁকে বাংলাদেশের টেকসই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার বিষয়ক কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (২০২৬-২০৩২) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।

